রাজৈরে প্রেমের কথোপকথন নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
৫৩
Time View
রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে এক জোড়া তরুণ-তরুণীর কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের অনুসারীদের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের দাবি, এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই বিরোধের সূত্রপাত।
পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পূর্ব স্বরমঙ্গল গ্রামের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা ধাওয়া-পাল্টাধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইয়ার আলী, আক্কাসসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের কয়েকটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রেমসংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”