মাদারীপুর শহরের পুরান বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখলমুক্ত, অপসারণ করা হলো সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
৬৪
Time View
ষ্টাফ রিপোর্টার , মাদারীপুর
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মাদারীপুর পৌরসভা ও বণিক সমিতি। সড়কের দুই পাশের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও পরিবেশ দূষণ রোধে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়কের দুই পাশের দখল করা ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি সড়কের ওপর স্তূপ করে রাখা ময়লা-আবর্জনাও অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস। এ সময় তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কের ওপর ময়লা-আবর্জনা না ফেলার জন্য সতর্ক করেন।
পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ভবিষ্যতে কেউ সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে কিংবা সড়কের ওপর ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সড়কের দুই পাশে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করা যাবে না। যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করা হয়েছে। নির্ধারিত স্থানেই গাড়ি পার্কিং করতে হবে।
পৌরসভা ও বণিক সমিতির এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।