শাহরিয়ার রহমান মাদারীপুর :মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খাইরুল হাসান নিটুল, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম হাওলাদার, সহ-সভাপতি ডাবলু বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।